আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ক্যানিংয়ে সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর, লুটপাটের অভিযোগ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : ক্যানিংয়ে সিপিএমের পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। ক্যানিং থানার তালদি এলাকার ওই পার্টি অফিসে শুক্রবারও বসেছিলেন সিপিএম কর্মীরা। কিন্তু শনিবার সকালে সেখানে এসে তাঁরা দেখেন, গোটা কার্যালয় লণ্ডভণ্ড হয়ে রয়েছে। ভাঙচুর করা হয়েছে টিভি, আলমারি, সুইচবোর্ড, চেয়ার ও টেবিল। এমনকী, কার্যালয়ের চারটি পাখাও খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে দলের পতাকা। ভেঙে বাইরে ফেলে দেওয়া হয়েছে পতাকা তোলার স্ট্যান্ড।

এই ঘটনাকে কেন্দ্র করে তালদি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার পিছনে আরএসএস ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে বলে অভিযোগ করেছে সিপিএম। যদিও সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি ও আরএসএস।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পর্যন্ত পার্টি অফিসে স্বাভাবিকভাবেই যাতায়াত ছিল দলের কর্মীদের। কিন্তু শনিবার সকালে কার্যালয়ে এসে তাঁরা দেখেন, দরজা ভেঙে ভিতরে ঢুকে ব্যাপক তাণ্ডব চালানো হয়েছে। চেয়ার-টেবিল ভাঙচুরের পাশাপাশি টিভি, আলমারি ও সুইচবোর্ডও ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্যালয়ের চারটি পাখা খুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। দলীয় পতাকা ছিঁড়ে ফেলার পাশাপাশি পতাকা তোলার স্ট্যান্ডটিও ভেঙে বাইরে ফেলে দেওয়া হয়েছে।সিপিএমের অভিযোগ, গত কয়েকদিন ধরেই দলের কর্মীদের হুমকি দেওয়া হচ্ছিল।

সিপিএম নেতা তথা এরিয়া কমিটির সদস্য প্রিয়ব্রত ঘোষের দাবি, পার্টি অফিসে হামলার আগে এলাকায় আরএসএসের সদস্যদের ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। তাঁর বক্তব্য, পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করলেই ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় সামনে আসবে।অন্যদিকে, সিপিএমের অভিযোগ খারিজ করে দিয়েছেন বিজেপি নেতা সঞ্জয় নায়েক। তাঁর পাল্টা দাবি, সিপিএমের কর্মীরাই নিজেদের পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলছে। তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে সিপিএম রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, রাজনৈতিকভাবে ফায়দা তোলার উদ্দেশ্যেই এই অভিযোগ করা হচ্ছে।উল্লেখ্য, গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন জায়গায় সিপিএমের পার্টি অফিস এবং পুজোর সময় দলের বুক স্টলে হামলার অভিযোগ উঠেছে। সেই আবহে ক্যানিংয়ের তালদিতে পার্টি অফিসে ভাঙচুরের ঘটনায় নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।ইতিমধ্যেই ক্যানিং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কী কারণে পার্টি অফিসে হামলা চালানো হল, তা তদন্তের পরেই স্পষ্ট হবে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি