উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কাকদ্বীপ : সুন্দরবনের জলবায়ু পরিবর্তন, পরিবেশগত বিপন্নতা এবং তার প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল শনিবার সুন্দরবনের কাকদ্বীপে। আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের উদ্যোগে এবং সুন্দরবন বিশেষজ্ঞ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং লেকচারার ড. জয়ন্ত বসুর সহযোগিতায় কাকদ্বীপের বিডিও অফিসের কনফারেন্স হলে এই সভার আয়োজন করা হয়।সুন্দরবন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ অরণ্য ও উপকূলীয় বাস্তুতন্ত্র।

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বর্তমানে এই অঞ্চল ক্রমশ নানা ধরনের ঝুঁকির মুখে পড়ছে।সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত এবং জীববৈচিত্র্যের উপর ক্রমবর্ধমান চাপ—সব মিলিয়ে সুন্দরবনের মানুষের জীবন ও জীবিকা নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ।এই পরিস্থিতিতে জলবায়ু সংকটের বৈজ্ঞানিক তথ্য, স্থানীয় মানুষের অভিজ্ঞতা এবং মাঠপর্যায়ের বাস্তব চিত্রকে আরও দায়িত্বশীল ও তথ্যনির্ভরভাবে তুলে ধরার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয় সভায়।বিশেষ করে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সুন্দরবনের মানুষের দৈনন্দিন জীবন, কৃষি, মৎস্যজীবী সম্প্রদায় এবং জীবিকার সম্পর্ক কীভাবে সংবাদমাধ্যমে আরও কার্যকরভাবে তুলে ধরা যায়, তা নিয়ে আলোকপাত করেন বক্তারা।এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন কাকদ্বীপের বিধায়ক তথা রাজ্যের সুন্দরবন বিষয়ক এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী দীপঙ্কর জানা। সুন্দরবনের পরিবেশ রক্ষা, উপকূলবর্তী মানুষের জীবন জীবিকা সুরক্ষিত রাখা এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় কী ধরনের পদক্ষেপ প্রয়োজন, সে বিষয়ে বক্তব্য রাখেন তিনি।এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি তথা সাংবাদিক স্নেহাশীষ শূর সহ পরিবেশ ও সুন্দরবন বিষয়ক গবেষক, বিশেষজ্ঞ এবং সাংবাদিকরা। সুন্দরবনের জলবায়ু বিপন্নতা নিয়ে কীভাবে তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরি করা যায়, জলবায়ু পরিবর্তনের সঙ্গে স্থানীয় মানুষের জীবন জীবিকার সম্পর্ক কীভাবে তুলে ধরা যায় এবং পরিবেশগত বিষয়গুলিকে সংবাদমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা যায়—এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এদিনের
সভায় সুন্দরবনের নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি, কৃষির উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব, মৎস্যজীবীদের সমস্যা, বন ও বন্যপ্রাণ সংরক্ষণ এবং উপকূলবর্তী মানুষের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়।জলবায়ু পরিবর্তনের কারণে সুন্দরবনের বিভিন্ন এলাকায় মানুষের জীবনযাত্রায় যে পরিবর্তন আসছে, তার বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের আরও গভীরভাবে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়।এদিন ড. জয়ন্ত বসু বলেন, “সুন্দরবনের মতো একটি সংবেদনশীল অঞ্চলের জলবায়ু সংকটকে শুধু দুর্যোগের খবর হিসেবে দেখলে চলবে না।
এর সঙ্গে পরিবেশ, অর্থনীতি, স্বাস্থ্য, জীবিকা, অভিবাসন এবং মানুষের ভবিষ্যৎ গভীরভাবে জড়িত।” তাঁর মতে, সুন্দরবন নিয়ে আগামী দিনে আরও তথ্যনির্ভর, অনুসন্ধানমূলক ও জনমুখী সাংবাদিকতার প্রয়োজন রয়েছে।আলোচনা সভায় বক্তারা মনে করেন, সুন্দরবনের জলবায়ু সংকট শুধু পরিবেশের সমস্যা নয়, এটি একই সঙ্গে মানুষের জীবন, অর্থনীতি ও ভবিষ্যতের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তাই এই সংকটের দীর্ঘমেয়াদি প্রভাব সাধারণ মানুষের সামনে তুলে ধরার ক্ষেত্রে সংবাদ মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরত্বপূর্ন।










