উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলপি :
তৃণমূল বুথ সভাপতির বাড়ি থেকে বিপুল পরিমাণ বোমা, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কুলপিতে। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে কুলপি থানার পুলিশ দৌলতপুর গ্রামে তৃণমূল বুথ সভাপতি মনিরুজ্জামান হালদারের বাড়িতে অভিযান চালায়। পুলিশের দাবি, তল্লাশি চালিয়ে বাড়ি থেকে ১৮টি তাজা বোমা, একটি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।অস্ত্র ও বিস্ফোরক মজুত রাখার অভিযোগে ওই রাতেই মনিরুজ্জামান হালদারকে গ্রেফতার করে পুলিশ।

উদ্ধার হওয়া বোমা ও আগ্নেয়াস্ত্র ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতেই ওই বাড়িতে অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরকগুলি কোথা থেকে আনা হয়েছিল, কী উদ্দেশ্যে সেগুলি বাড়িতে রাখা হয়েছিল এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।শনিবার ধৃত তৃণমূল বুথ সভাপতি মনিরুজ্জামান হালদারকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করে কুলপি থানার পুলিশ। তাঁকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।
উদ্ধার হওয়া অস্ত্র ও বোমার উৎস এবং সেগুলি মজুতের উদ্দেশ্য জানতে ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এই অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের পিছনে কোনও বড় চক্র বা অন্য কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে কুলপি থানার পুলিশ।











