পূর্ব বর্ধমানের রায়না বিধানসভার রায়না-১ ব্লকের শ্যামসুন্দর বিডিও অফিসে রেশন ব্যবস্থা নিয়ে অনুষ্ঠিত হল প্রশাসনিক বৈঠক। রাজ্যের খাদ্যমন্ত্রীর নির্দেশে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রায়নার বিধায়ক সুভাষ পাত্র, বিডিও এবং এলাকার রেশন ডিলাররা। বৈঠকে রেশন ডিলারদের বিভিন্ন সমস্যা ও পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তাঁরা কোনও অসুবিধার সম্মুখীন হচ্ছেন কি না, তা নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন বিধায়ক। রেশন সরবরাহ ও বণ্টন ব্যবস্থা আরও সুষ্ঠুভাবে পরিচালনা করার বিষয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে বিধায়ক সুভাষ পাত্র বলেন, “সমস্ত রেশন ডিলার এখানে এসেছেন। তাঁদের নিয়ে আলোচনা করলাম এবং রেশন দিতে কোনও অসুবিধা হচ্ছে কি না, সেই বিষয়ে খোঁজখবর নিলাম।” তিনি আরও জানান, বর্তমানে যেভাবে রেশন পরিষেবা দেওয়া হচ্ছে, সেই ব্যবস্থা আপাতত চালু থাকবে। পাশাপাশি আগামী দিনে রাজ্যে রেশন ব্যবস্থা নিয়ে বড় ধরনের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। প্রশাসনিক এই বৈঠকের মাধ্যমে রেশন ডিলারদের সমস্যা চিহ্নিত করে পরিষেবা আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।









