সুমন্ত দাস, কৃষকসেতু: চলমান মহিলা দিল্লি প্রিমিয়ার লিগ (Women’s DPL) ক্রিকেটের বাইশ গজের লড়াই ছাপিয়ে এখন খবরের শিরোনামে নেটদুনিয়ার নতুন ট্রেন্ড। আর এই ট্রেন্ডের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সেন্ট্রাল দিল্লি কুইন্সের ২০ বছর বয়সী তরুণ লেগ-স্পিনার মেধাবী বিধুড়ী (Medhavi Bidhuri)। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে উইকেট নেওয়ার পর তাঁর একটি অভিনব উদযাপন বা ‘হ্যান্ড জেসচার’ সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে গেছে।

সাউথ দিল্লি সুপারস্টার্সের সেট ব্যাটার নিশিকা সিংকে আউট করার পর, মেধাবী ক্যামেরার সামনে দুই হাত দিয়ে একটি বিশেষ অঙ্গভঙ্গি করেন, যা ইন্টারনেটে ‘৬-৭’ (6-7) ট্রেন্ড নামে পরিচিত। কাকতালীয়ভাবে, ছোট বোনের পরামর্শে এই টুর্নামেন্টে মেধাবীর জার্সি নম্বরও ছিল ৬৭। উইকেটের পর জার্সির নম্বরের সাথে মিলিয়ে তাঁর এই নিখুঁত ও আত্মবিশ্বাসী উদযাপন লুফে নিয়েছে ক্রিকেটপ্রেমীরা।










