কৃষ্ণ সাহা, রায়না:- পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ‘মায়ের নামে একটি গাছ’ বনসৃজন প্রকল্পের আওতায় পূর্ব বর্ধমান জেলার রায়না-১ ব্লকের সেহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে সেহারা মগরা গেট থেকে কোনারপুল পর্যন্ত প্রায় ৮০০টি ফল ও অন্যান্য গাছের চারা রোপণ করা হয়। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রায়নার বিধায়ক সুভাষ পাত্র। তিনি নিজে বৃক্ষরোপণ করে কর্মসূচির সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজকর্মী, সেহারা গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি, কর্মী ও অন্যান্য আধিকারিকরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুভাষ পাত্র পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি জানান, আগামী দিনে রায়না বিধানসভা এলাকায় প্রায় ২০ হাজার গাছের চারা রোপণের লক্ষ্য নেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ গড়ে তোলাই মূল উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, এমন উদ্যোগ শুধু পরিবেশ রক্ষায় নয়, জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৃক্ষরোপণের পাশাপাশি চারাগুলির সঠিক পরিচর্যার ওপরও জোর দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এগুলি বড় হয়ে এলাকার সবুজায়নে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে।











