কৃষ্ণ সাহা, রায়না: মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্প (১০০ দিনের কাজ)-এর আওতায় ২০২৬-২৭ আর্থিক বর্ষের একটি নতুন প্রকল্পের কাজের সূচনা হল পূর্ব বর্ধমানের রায়না-১ ব্লকের সেহারা গ্রাম পঞ্চায়েতের অধীন সেহারা গ্রামে। প্রকল্পের নাম ‘ওলাইচণ্ডীতলা টিউবওয়েলের পাশে কমিউনিটি সোক পিট নির্মাণ’।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করেন রায়নার বিধায়ক সুভাষ পাত্র। জানা গিয়েছে, প্রকল্পে অদক্ষ শ্রমিকদের মজুরি বাবদ ২,৭৮৮ টাকা এবং অন্যান্য খাতে ২৫,১৮২ টাকা ব্যয় ধরা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়নার বিধায়ক সুভাষ পাত্র,রায়না-১ ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) শুভাশীষ রায় , সেহারা পুলিশ ফাঁড়ির আইসি নরেন্দ্রনাথ মণ্ডল,সেহারা গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক, বিশিষ্ট সমাজ কর্মী কাশিনাথ পাত্র এবং স্থানীয় বাসিন্দারা।
প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার নিকাশি ব্যবস্থার উন্নতি হবে এবং গ্রামীণ পরিকাঠামো আরও শক্তিশালী হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।










