আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভোটের আবহে দলবদল ঘিরে রাজনৈতিক উত্তেজনা, বিজেপিতে যোগ দেওয়া নেতার উপর হামলার অভিযোগে গ্রেফতার দুই তৃণমূল নেতা সহ তিনজন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বিধানসভা ভোটের মুখে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করা এক নেতার উপর হামলার অভিযোগে গ্রেফতার হলেন দুই তৃণমূল নেতা সহ তিনজন। ধৃতদের মধ্যে রয়েছেন শেখ সাহাবুদ্দিন ওরফে দানি এবং তাবারক আলি মণ্ডল। শেখ সাহাবুদ্দিন পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভার বেরুগ্রাম অঞ্চলের তৃণমূল সভাপতি ও পঞ্চায়েত সদস্য। অন্যদিকে তাবারক আলি মণ্ডল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র জামালপুর ব্লক সভাপতি। তাঁর স্ত্রী জ্যোৎস্রী রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান। এছাড়াও শেখ সাহাবুদ্দিনের গাড়ির চালক শেখ মানিককেও গ্রেফতার করেছে পুলিশ।

 

 

 

অস্ত্র আইন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে বুধবার তিন ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়।এসডিপিও (বর্ধমান দক্ষিণ) অভিষেক মণ্ডল জানিয়েছেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে শেখ সাহাবুদ্দিন ও তাবারক আলি মণ্ডলকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। আদালত তাঁদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। অপর অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানো হয়েছে।” অন্যদিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় জানান, বেআইনি কার্যকলাপ ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে জেলা জুড়ে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে।

 

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত বিজেপি নেতার নাম গৌরসুন্দর মণ্ডল। অভিযোগ, গত ১১ মে দুপুর সাড়ে ১২টা নাগাদ তিনি মোটরবাইকে বর্ধমান থেকে জামালপুর ফিরছিলেন। সারাংপুর এলাকার একটি ফাঁকা রাস্তায় তাবারক আলি মণ্ডল, শেখ সাহাবুদ্দিন সহ কয়েকজন তাঁর পথ আটকায়। এরপর লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।গৌরসুন্দর মণ্ডলের দাবি, তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র তাক করা হয়। তাঁর চিৎকারে আশপাশের মানুষ ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। যাওয়ার আগে বন্দুকের বাট দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয় বলেও অভিযোগ।ঘটনার পর জামালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গৌরসুন্দর মণ্ডল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তে জানা যায়, অভিযুক্তরা দুর্গাপুরের সিটি সেন্টারের একটি ভাড়া বাড়িতে আত্মগোপন করে রয়েছে। মঙ্গলবার গভীর রাতে সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।

See also  ৫২ লিটার চোলাই মদ সহ ১ জনকে গ্রেফতার করলো পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার পুলিশ ।

 

 

 

পুলিশের দাবি, হামলার ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তদের খোঁজে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এদিকে দুই তৃণমূল নেতা গ্রেফতার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন গৌরসুন্দর মণ্ডল। যদিও এই বিষয়ে জামালপুর ব্লক তৃণমূল সভাপতি মেহেমুদ খাঁন জানান, “ঘটনার সমস্ত দিক এখনও জানা হয়নি। বিস্তারিত জানার পরই এ বিষয়ে মন্তব্য করব।”

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি