পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ এর বোঁয়াইচন্ডীতে লর্ডস ক্লাবের উদ্যোগে দ্বিতীয় বছরের মতো ধুমধাম করে পালিত হলো রামনবমী উৎসব। ভক্তিমূলক পরিবেশে ভগবান রামের পুজোর মধ্য দিয়ে দিনটির সূচনা হয়। এরপর আয়োজন করা হয় একটি বর্ণাঢ্য পদযাত্রার, যা বোঁয়াইচন্ডী মায়ের তলা থেকে শুরু হয়ে ভৈরব তলা, ঘাটের পাড়া হয়ে পুনরায় মায়ের তলাতেই শেষ হয়।

ক্লাবের সদস্য সঞ্জীব পাল জানান, প্রতি বছরের মতো এ বছরও এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণে এই উৎসব আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন বয়সের মানুষ, যা এলাকায় উৎসবের আবহ তৈরি করে।
এদিনের শোভাযাত্রা যখন বোঁয়াইচন্ডী তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে দিয়ে অতিক্রম করে, তখন সম্প্রীতির বার্তা তুলে ধরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের হাতে ঠান্ডা পানীয় জল ও মিষ্টি বিতরণ করা হয়।
বেরুগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ লকাই বলেন, “বাংলার ঐতিহ্য সম্প্রীতি বজায় রাখা। তাই আমরা সব ধর্মের উৎসবে একসঙ্গে সামিল হই।”এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর বক্তব্য তুলে ধরে তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” সেই ভাবনাকেই সামনে রেখে এদিনের অনুষ্ঠানে অংশ নেয় তৃণমূল কংগ্রেস।
সব মিলিয়ে বোঁয়াইচন্ডীর এই রামনবমী উদযাপন শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সম্প্রীতি ও সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।








