বোলপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নেশাজাত কফ সিরাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মুন্না সিং নামে এক ব্যক্তিকে, যিনি পেশায় একজন ওষুধের দোকানের মালিক বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোলপুর থানার অন্তর্গত উদয়নপল্লী এলাকায় এক প্রাক্তন প্রয়াত পুলিশ আধিকারিকের বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে নেশাজাত সিরাপ মজুত করছিলেন অভিযুক্ত মুন্না সিং।
গোপন সূত্রে খবর পেয়ে আগেভাগেই বিষয়টি পুলিশের নজরে আসে।
সেই তথ্যের ভিত্তিতে বোলপুর থানার পুলিশ অভিযান চালায়। তল্লাশি চালিয়ে ওই বাড়ি থেকে প্রায় ৪০ হাজার ৭৪০টি বোতল নেশাজাত কফ সিরাপ উদ্ধার করা হয়। এত বিপুল পরিমাণ নিষিদ্ধ সিরাপ উদ্ধারের ঘটনায় হতবাক পুলিশ আধিকারিকরাও।
অভিযানের পরই অভিযুক্ত মুন্না সিংকে গ্রেফতার করা হয়। তাঁকে বোলপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা।
পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া সিরাপ সম্ভবত অন্য জেলা কিংবা ভিনরাজ্যে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। গোটা ঘটনার পেছনে বড়সড় কোনো নেটওয়ার্ক কাজ করছে কি না, তা জানার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ।
এ প্রসঙ্গে বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল জানান, পুরো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।








