রাতের নিস্তব্ধতায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন তিনি। কিন্তু বাড়ি ফেরা আর হল না। গভীর রাতে নবাবহাটের অদূরে গড়তালিত এলাকায় জাতীয় সড়কের সার্ভিস রোডে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন হোমগার্ড ত্রিদিব দে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে নিয়মিত টহলদারির সময় সার্ভিস রোডে দাঁড়িয়ে ছিল পুলিশের টহলদারি ভ্যান। সেই সময় দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী দূরপাল্লার বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটির পিছনে সজোরে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যেই সবকিছু ওলটপালট হয়ে যায়।
ভয়াবহ সংঘর্ষে গুরুতর আহত হন ভ্যানে থাকা হোমগার্ড ও পুলিশ কর্মীরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা হোমগার্ড ত্রিদিব দে-কে মৃত ঘোষণা করেন। আহত হন এক এএসআই-সহ আরও তিনজন পুলিশ কর্মী। তাঁদের চিকিৎসা চলছে। দায়িত্ব পালনকালে এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ পুলিশ মহল। সহকর্মীদের কথায়, ত্রিদিব দে ছিলেন অত্যন্ত দায়িত্বশীল ও শান্ত স্বভাবের মানুষ। রাত জেগে পাহারা দেওয়াই ছিল তাঁর নিয়মিত কাজ—সেই কর্তব্য পালন করতেই গিয়েই জীবন দিলেন তিনি।
ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনায় জড়িত বাসটিকে আটক করা হয়েছে। চালক পলাতক। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষার নীরব সৈনিক হিসেবে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো ত্রিদিব দে’র মৃত্যু শুধু একটি দুর্ঘটনা নয়—এ এক অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর চোখে আজ শুধুই শোক আর নিঃশব্দ কান্না।








