রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও শ্রম দপ্তরের উদ্যোগে রাজ্যজুড়ে শুরু হয়েছে সামাজিক সুরক্ষা মাস উদযাপন। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে মেমারি পৌরসভার নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন বইমেলা মঞ্চে আয়োজিত হলো বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা ক্যাম্প।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, বর্ধমান সদর দক্ষিণ মহকুমার জয়েন্ট লেবার কমিশনারসহ একাধিক পৌর কাউন্সিলর।
আধিকারিক সূত্রে জানা গেছে, নির্মাণ, পরিবহন-সহ বিভিন্ন অসংগঠিত শিল্পে নিযুক্ত ও স্বনিযুক্ত পেশার সঙ্গে যুক্ত নথিভুক্ত শ্রমিকদের রাজ্য সরকার নিজস্ব অর্থে আর্থিক সহায়তা প্রদান করবে এই সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমে। এই প্রকল্প অনুযায়ী, ৬০ বছর বয়স পূর্ণ হলে পরিবহন শ্রমিকরা মাসিক ১৫০০ টাকা এবং নির্মাণ শ্রমিকরা মাসিক ১০০০ টাকা করে পেনশন পাবেন।
পাশাপাশি মৃত্যু, দুর্ঘটনা বা স্থায়ী শারীরিক অক্ষমতার ক্ষেত্রে ৫০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়ার ব্যবস্থাও রয়েছে।আধিকারিকরা জানান, এই যোজনার সুবিধা পেতে হলে উপভোক্তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে শ্রমিকদের নাম নথিভুক্ত করা যাবে।
এই উদ্যোগে খুশি অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা। তাঁদের মতে, রাজ্য সরকারের এই সামাজিক সুরক্ষা প্রকল্প ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।








