উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুন্দরবন : বুধবার শেষ দফার নির্বাচন।আর এবার সুন্দরবনের দ্বীপাঞ্চলে ভোট গ্রহণের নিয়মে বদল এনেছে নির্বাচন কমিশন।বলা হয়েছে, সুন্দরবনের গোসাবা ও পাথরপ্রতিমার প্রান্তিক এলাকায় একদিন আগে যাবেন ভোট কর্মীরা। আগে নির্বাচনের দুই দিন আগে ভোটকর্মীদের পাঠিয়ে দেওয়া হত। কিন্তু এবার বদলে যাচ্ছে সেই নিয়ম। নির্বাচন কমিশন নয়া শর্ত দিয়ে জানিয়েছে, দু’দিন আগে ভোট কর্মীদের নিয়ে যাওয়া হলে তাঁদের আলাদা জায়গায় রাখতে হবে। তৈরি করতে হবে পৃথক স্ট্রং রুম। দু’দিন ধরে ভোট কর্মীদের বুথে থাকতে দেওয়া যাবে না।

কমিশনের এই বার্তা পেয়ে দক্ষিণ ২৪ পরগনার ওই দুই দ্বীপাঞ্চলের বেশিরভাগ বুথে ভোটের একদিন আগে কর্মীদের পাঠানোর ব্যবস্থা করবে প্রশাসন। তবে অগ্রাধিকার দেওয়া হবে। যাঁদের অনেক দূরের দ্বীপে ডিউটি পড়েছে তাঁদের আগে সব জিনিসপত্র দিয়ে নৌকা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবে প্রশাসন।জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, এই সব ভোট কর্মীদের জন্য আলাদা করে কিছু বোটের ব্যবস্থা করা থাকবে।
তাঁদের সকাল সকাল ইভিএম সংগ্রহ করার কাউন্টার বা ডিসিআরসিতে এসে যাবতীয় কাজ শেষ করে ভোট যন্ত্র নিয়ে নদীপথে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে স্থানীয় প্রশাসন। ওই দু’টি বিধানসভা মিলিয়ে প্রায় ৪০০ বুথের ভোটকর্মীদের নির্বাচনের দু’দিন আগে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করার কথা ছিল।
বুথে অতিরিক্ত দিন ভোট কর্মীদের রাখার পক্ষপাতী নয় কমিশন।তবে সংশ্লিষ্ট জেলাকে যদি ভোটের দুই দিন আগে কর্মীদের পাঠাতেই হয়, তাহলে মানতে হবে একাধিক শর্ত। ফলে সব খতিয়ে দেখে ঠিক হয়, গোসাবা ও পাথরপ্রতিমা বিধানসভায় দু’দিন আগে আর পাঠানো হবে না ভোট কর্মীদের।মঙ্গলবার ভোটের আগের দিনই তারা রওনা দেবে ভোট গ্রহন কেন্দ্রে।











