হুগলি: এবার জনরোষের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত উপপ্রধান। অভিযোগ, ক্ষুব্ধ জনতা তাঁকে জুতোর মালা পরিয়ে পোস্টে বেঁধে রাখে, মাথায় ডিম ফাটায় এবং কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরায়। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ঘটনাটি হুগলি জেলার সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বাগডাঙা-ছিনামোড় গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযুক্ত উপপ্রধানের নাম অদ্বৈত দাস।

স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে তোলাবাজি, হুমকি এবং বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ জমা হচ্ছিল। তবে রাজনৈতিক প্রভাবের কারণে এতদিন কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি বলেও অভিযোগ। এলাকাবাসীর একাংশের অভিযোগ, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর ক্ষোভ বিস্ফোরিত হয়। সেই ক্ষোভ থেকেই উপপ্রধানকে প্রকাশ্যে অপদস্থ করা হয়। অভিযোগ, নান্দা বাজার এলাকায় প্রথমে তাঁকে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হয়। পরে জুতোর মালা পরিয়ে একটি পোস্টে বেঁধে রাখা হয় এবং মাথায় ডিম ছোড়া হয়। ঘটনাস্থলে ‘চোর’ স্লোগানও ওঠে বলে দাবি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তোলাবাজি, কাটমানি ও বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। কোথাও পুলিশি গ্রেফতারি, কোথাও আবার জনতার বিক্ষোভ ও ক্ষোভের ঘটনাও প্রকাশ্যে এসেছে।
তবে এই ঘটনায় উপপ্রধান অদ্বৈত দাস বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া অভিযোগগুলির বিষয়ে প্রশাসনের তরফেও কোনও সরকারি বক্তব্য সামনে আসেনি।








