ঘাটাল: নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে নদীর জলস্তর বাড়তেই ভেসে গেল ঘাটালের ব্রিটিশ আমলে তৈরি ঐতিহ্যবাহী ভাসাপোলের একটি অংশ। বৃহস্পতিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাহত হয় ঘাটাল-সহ সংলগ্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির জেরে শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। জলের প্রবল তোড়ে নিমতলায় একটি বাঁশের সাঁকো ভেঙে যায়।

ভাঙা সাঁকোটি স্রোতে ভেসে এসে পানা নদীর জলের সঙ্গে ভাসাপোলের একটি অংশে ধাক্কা মারে। এর জেরেই ভাসাপোলের পাটাতনের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে জলের তোড়ে ভেসে যায়। ভাসাপোল দিয়ে প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করেন। ফলে পাটাতন ভেসে যাওয়ার ঘটনায় স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়। খবর পেয়ে ভাসাপোল রক্ষণাবেক্ষণের কর্মীরা দ্রুত উদ্ধারকাজে নামেন। কয়েক কিলোমিটার দূরে ভেসে যাওয়া পাটাতনের অংশটি উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ভাসাপোলের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজ শুরু হয়েছে। দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চালান রক্ষণাবেক্ষণ কর্মীরা।











