আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

“রাস্তা না দুর্নীতির কারবার?” — শান্তিপুরে কাটমানির অভিযোগে বন্ধ ৬ কিলোমিটার রাস্তার কাজ,

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নদিয়ার শান্তিপুর ব্লকের আরবান্দি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ নতুন রাস্তা নির্মাণকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল। নিম্নমানের কাজ, কম পিচ ব্যবহার এবং কাটমানির অভিযোগ তুলে সরব হলেন স্থানীয় বাসিন্দা থেকে বিজেপি নেতৃত্ব। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় শেষ পর্যন্ত বন্ধ করে দিতে হয় রাস্তা তৈরির কাজ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে জেলা পরিষদের তত্ত্বাবধানে রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। সম্প্রতি পিচ ঢালাইয়ের কাজ শুরু হতেই এলাকাবাসীর একাংশ অভিযোগ তুলতে শুরু করেন যে, অত্যন্ত কম পরিমাণে পিচ ব্যবহার করে রাস্তা তৈরি করা হচ্ছে। তাঁদের আশঙ্কা, বর্ষা শুরু হলেই রাস্তার বেহাল দশা সামনে চলে আসবে।

 

বৃহস্পতিবার সকাল থেকেই এলাকায় জমতে থাকে ক্ষোভ। স্থানীয় বাসিন্দারা রাস্তার কাজে অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শান্তিপুর বিজেপির পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি চঞ্চল চক্রবর্তী। তিনি কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলে সরাসরি ইঞ্জিনিয়ার ও ঠিকাদার সংস্থার বিরুদ্ধে তোপ দাগেন। বিজেপির অভিযোগ, “ওয়াক অর্ডারের আগেই কাটমানির ভাগ-বাটোয়ারা হয়ে গিয়েছে। তাই নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা তৈরির চেষ্টা চলছে। সাধারণ মানুষের করের টাকায় এই দুর্নীতি মেনে নেওয়া হবে না।” অন্যদিকে, পরিস্থিতি উত্তপ্ত হতে দেখেই ঘটনাস্থলে উপস্থিত ইঞ্জিনিয়ার ঠিকাদারের গাফিলতির কথা স্বীকার করেন। তাঁর বক্তব্য, “কন্ট্রাকটারের ভুলের কারণেই সমস্যা হয়েছে। এখন থেকে সঠিক নিয়ম ও নির্দিষ্ট পরিমাপ মেনেই রাস্তার কাজ করা হবে।”

 

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই বিভিন্ন উন্নয়নমূলক কাজে কাটমানির অভিযোগ উঠলেও প্রশাসনের তরফে কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। ফলে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে। গ্রামবাসীরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, নিম্নমানের কাজ হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন তাঁরা।

See also  ED সফলতা ; প্রতারকদের থেকে টাকা বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি