উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কাকদ্বীপ : প্রথম দফার ভোটের মধ্যেই প্রচারে ঝড় তুললো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুন্দরবনের কাকদ্বীপে।বৃহস্পতিবার বাংলার ১৫২টি কেন্দ্রে যখন ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে, ঠিক তখনই দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূলবর্তী কাকদ্বীপে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন প্রধানমন্ত্রী।

কাকদ্বীপ স্পোর্টস কমপ্লেক্সে মাঠে কাকদ্বীপের বিজেপি প্রার্থী দীপংকর জানার সমর্থনে বিশাল জনসভা থেকে তোপের পর তোপ দাগলেন তৃণমূলের বিরুদ্ধে।এ দিন মোদী বললেন,অনেক হয়েছে আর নয়। এবার বদল চাই। ১০ দিন পর ফলপ্রকাশ হলে চারদিকে এবার পদ্ম ফুটবে। মোদী বলেন, “বিজেপির উপর মানুষের ভরসা বেড়েছে।
সব জায়গায় আওয়াজ উঠছে পাল্টানো দরকার। বাংলার মহিলারা তৃণমূলের মুখোশ খুলে দিয়েছে। তিনবার বাংলার মানুষ তৃণমূলকে সুযোগ দিয়েছে। কিন্তু, বাংলার মা বোনেদের উপর তৃণমূল যা অত্যাচার করেছে তা তারা ভুলবে না। বাংলার উন্নয়নে সবথেকে বড় বাধা তৃণমূলের সিন্ডিকেট। তৃণমূল কেন্দ্রের পাঠানো টাকাও খেয়ে ফেলেছে।
রাজ্যের মানুষের সুখ-দুঃখে নির্মম সরকারের হেলদোল নেই। তৃণমূল প্রতিশ্রুতি ছাড়া বাংলার মানুষকে কিছুই দেয়নি।নির্মম সরকারকে উৎখাতের এটাই সঠিক সময়। এবার তৃণমূলের ভয় হারবে, বিজেপির ভরসা জিতবে।
বিজেপির মুখ্যমন্ত্রী হলে দিন-রাত উন্নয়ন হবে।”কড়া রোদকে উপেক্ষা করে এদিন প্রধানমন্ত্রীর সভা জনসমুদ্রের চেহারা নেয়। আর তা দেখে প্রধানমন্ত্রী আপ্লুত।











