নিজস্ব প্রতিনিধি, জামালপুর: ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের ময়দানে ঝড় তুললেন জামালপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ভূতনাথ মালিক। বৃহস্পতিবার দলের ব্লক নেতৃত্বের উপস্থিতিতে পুরো বিধানসভা এলাকা চষে বেড়ালেন তিনি। এদিনের দীর্ঘ ৯ কিলোমিটার বাইক র্যালিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গেছে।

প্রচার অভিযানের চিত্র: এদিন জামালপুর ২ অঞ্চলের কালারাঘাট থেকে শুরু হয়ে কৃষ্ণরামপুর পর্যন্ত এই বর্ণাঢ্য মিছিলটি চলে। সামনে একটি হুডখোলা গাড়িতে সওয়ার ছিলেন প্রার্থী ভূতনাথ মালিক। তাঁর সঙ্গে ছিলেন জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, শ্রমিক সংগঠনের নেতা তাবারক আলী মন্ডল, অঞ্চল সভাপতি তপন দে এবং ছাত্র নেতা বিট্টু মল্লিক। দলীয় সূত্রে দাবি করা হয়েছে, এদিনের এই মিছিলে প্রায় ৫ হাজার কর্মী-সমর্থক বাইক নিয়ে অংশগ্রহণ করেন।
পুষ্পবৃষ্টি ও শঙ্খধ্বনি: মিছিলটি যখন জোতশ্রীরাম ও সংলগ্ন এলাকাগুলি অতিক্রম করছিল, তখন রাস্তার দুই ধারে মানুষের ভিড় উপচে পড়ে। বাড়ির মহিলারা শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে প্রার্থীকে বরণ করে নেন। বারবার গাড়ি থামিয়ে সাধারণ মানুষের আশীর্বাদ ও পুষ্পবৃষ্টি গ্রহণ করেন ভূতনাথ বাবু। প্রার্থীর প্রতি সাধারণ মানুষের এই ভালোবাসা ও আশীর্বাদকে বিশেষ গুরুত্ব দিচ্ছে শাসক শিবির।

রাজনৈতিক বার্তা: প্রচারের ফাঁকেই বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান ব্লক সভাপতি মেহেমুদ খাঁন। তিনি বলেন,
“পশ্চিমবঙ্গ দখলের যে চক্রান্ত বিজেপি ও কমিশন মিলে করছে, তা কখনোই সফল হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার জন্য আমাদের কর্মীরা বুক দিয়ে বুথ আগলে রাখবেন।”
পাশাপাশি তিনি ভোটারদের উদ্দেশ্যে একটি বিশেষ সতর্কবার্তাও দেন। ভোট দেওয়ার পর ভিভিপ্যাট (VVPAT) মেশিনে ‘জোড়া ফুল’ চিহ্ন এবং প্রার্থীর নাম দেখে নিশ্চিত হয়ে তবেই বুথ ছাড়ার আবেদন জানান তিনি।

অন্যদিকে, তাবারক আলী মন্ডল আত্মবিশ্বাসের সুরে জানান যে, ভোটের আগেই জোতশ্রীরাম অঞ্চলের মানুষ বুঝিয়ে দিয়েছেন তাঁরা কার পক্ষে। আগামী ৪ মে ভোটের ফলাফলে ভূতনাথ মালিকের জয়ের ব্যবধানই বলে দেবে জামালপুরের মাটি তৃণমূলের কতটা শক্ত।
বিরোধী শিবিরের আক্রমণের মুখে দাঁড়িয়ে জামালপুরে তৃণমূলের এই বিশাল জমায়েত রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন জেলার রাজনৈতিক বিশ্লেষকরা।










