বহরমপুর: মুর্শিদাবাদের বহরমপুরে তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)-তে বড়সড় ভাঙনের ছবি সামনে এল। বহরমপুরের কৃষ্ণনাথ কলেজের প্রায় ৭০ জন ছাত্র টিএমসিপি ছেড়ে কংগ্রেসের ছাত্র সংগঠন ‘ছাত্র পরিষদ’-এ যোগ দিলেন।

শনিবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক যোগদান কর্মসূচিতে প্রাক্তন সাংসদ ও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী-এর হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন ওই ছাত্ররা।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের জেলা সভাপতি সৌফিক আলম এবং ছাত্রনেতা মেহরাজ সেখ-সহ কংগ্রেসের একাধিক নেতা-কর্মী। একসঙ্গে এত সংখ্যক ছাত্রের যোগদানকে কেন্দ্র করে জেলা কংগ্রেস শিবিরে উৎসাহের সঞ্চার হয়েছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, কৃষ্ণনাথ কলেজে ছাত্র সংগঠনের এই দলবদল আগামী দিনে বহরমপুরের ছাত্র রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত বহন করছে। যদিও এ বিষয়ে টিএমসিপির তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।










