কৃষ্ণ সাহা, রায়না:- রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনাকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের রায়না ১ ব্ললের শ্যামসুন্দর পঞ্চায়েতের সমেতির সভাকক্ষে ও রায়না-২ ব্লকের ব্লক উন্নয়ন দপ্তরের সভাকক্ষে বুধবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে রায়না বিধানসভা এলাকার রায়না-১ ও রায়না-২ ব্লক মিলিয়ে প্রতীকীভাবে ২০০ জন উপভোক্তার হাতে শংসাপত্র ও অনুমোদনপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়নার বিধায়ক সুভাষ পাত্র-সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও জনপ্রতিনিধিরা। উপস্থিত ছিলেন রায়নার বিধায়ক সুভাষ পাত্র, রায়না এক ব্লকের বিডিও শুভাশিস রায়, দুই ব্লকের বিডিও সহ অন্যান্য রা।

রাজ্য সরকারের ঘোষিত অন্নপূর্ণা যোজনার আওতায় ৩ জুন থেকে আনুষ্ঠানিকভাবে আর্থিক সহায়তা প্রদান শুরু হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ১ জুনের মধ্যে যাঁরা আবেদনপত্র জমা দিয়েছিলেন, তাঁদের মধ্যে বহু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই প্রকল্পের অর্থ জমা পড়তে শুরু করেছে। ফলে প্রকল্পের সূচনালগ্নেই উপভোক্তাদের মধ্যে উৎসাহ ও সন্তোষের পরিবেশ লক্ষ্য করা যায়। এদিন নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে রাজ্যব্যাপী উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়। সেই অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে রায়নাতেও আয়োজন করা হয় বিশেষ কর্মসূচির। উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন জনপ্রতিনিধিরা। অনেকেই জানান, এই প্রকল্পের আর্থিক সহায়তা তাঁদের দৈনন্দিন জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুভাষ পাত্র বলেন, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে চালু হওয়া অন্নপূর্ণা যোজনা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। খাদ্য নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে এই প্রকল্প বিশেষ ভূমিকা পালন করবে। রায়না বিধানসভা এলাকায় যোগ্য সমস্ত উপভোক্তার কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিরা একযোগে কাজ করছে”। অনুষ্ঠান শেষে উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় এবং প্রকল্প সংক্রান্ত বিভিন্ন তথ্য তাঁদের জানানো হয়। রাজ্য সরকারের এই নতুন উদ্যোগকে ঘিরে রায়না জুড়ে ইতিবাচক সাড়া পড়েছে বলে প্রশাসনিক মহলের দাবি।








