উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,নরেন্দ্রপুর : এবার এক বিজেপিকে নেতাকে না পেয়ে তাঁর বাবাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে।শুধু ওই বিজেপির নেতার বাবাকেই নয়, তাঁর মাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ।

নরেন্দ্রপুর থানার কামরাবাদ গ্রাম পঞ্চায়েতের ডিহি চাপরাশি পাড়া এলাকার ঘটনা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।জানা গিয়েছে, বুধবার রাতে কামরাবাদ গ্রাম পঞ্চায়েতের ডিহি চাপরাশি পাড়া এলাকায় এক বিজেপি নেতাকে খুঁজতে গিয়েছিলেন স্থানীয় এক তৃণমূল কংগ্রেস নেতা।
অনুগামীদের সঙ্গে নিয়ে ওই বাড়িতে গিয়েছিলেন তিনি। কিন্তু ওই বিজেপি নেতাকে না পেয়ে তাঁর বাবা-মায়ের উপর নৃশংস হামলা চালানো হয় বলে অভিযোগ।এই ঘটনায় গুরুতর জখম হন ওই বিজেপি নেতার বাবা সুকুমার মণ্ডল।তাঁকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা সোনু মণ্ডল কয়েকজনকে নিয়ে ওই বিজেপি নেতার বাড়িতে চড়াও হন।প্রথমে বাড়িরলোহার গেট ভেঙে ভিতরে ঢুকেবিজেপি নেতাকে খুঁজতে থাকেন।
তাঁকে না পেয়ে বাড়ির মধ্যে থাকা তাঁর বাবা সুকুমার মণ্ডলের উপর হামলা চালায়। আক্রান্ত পরিবারের দাবি, ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে সুকুমার মণ্ডলকে এলোপাথাড়ি মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় তিনি ঘরের মধ্যেই লুটিয়ে পড়েন। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।এই হামলায় আহত হন বিজেপি নেতার মা সুমিত্রা মণ্ডলও।
তাঁকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ।পরিবারের সদস্য রঞ্জনা মণ্ডলের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছেন সোনু মণ্ডল।তাঁর বিরুদ্ধে অতীতেও নরেন্দ্রপুর থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে বলে দাবি স্থানীয়দের।
পাশাপাশি, ওই তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে বেআইনিভাবে জলের কারখানা চালানোর অভিযোগ ও রয়েছে।তবে এই নিয়ে সোনু মণ্ডল বা তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।











