কৃষ্ণ সাহা , পূর্ব বর্ধমান:পুঁথিগত শিক্ষার গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনের সঙ্গে পড়াশোনার যোগসূত্র গড়ে তুলতে অভিনব উদ্যোগ নিল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের ইন্দুটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

অঙ্ককে আরও সহজ ও আনন্দদায়ক করে তুলতে চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষক-শিক্ষিকারা পৌঁছে গেলেন মিরেপোতা বাজারে।সেখানে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় বাজার করার দায়িত্ব। কীভাবে কেজি অনুযায়ী সবজির দাম নির্ধারণ করতে হয়, কত টাকা দিলে কত ফেরত পাওয়া যায়, কীভাবে খরচের হিসাব রাখতে হয়—এসবই তারা বাস্তবে দেখে, বুঝে এবং নিজেরাই হিসাব করে শিখেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু ঘোষাল জানান, শুধু বই পড়ে অঙ্ক শেখা নয়, বাস্তব জীবনে সেই জ্ঞান কীভাবে কাজে লাগে, তা ছাত্রছাত্রীদের হাতে-কলমে শেখানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তাঁর কথায়, “পুঁথিগত শিক্ষার বাইরে এসে ব্যবহারিক শিক্ষার মাধ্যমে শেখার অভ্যাস গড়ে তুলতে পারলেই শিক্ষার প্রকৃত সার্থকতা।”শিক্ষকদের তত্ত্বাবধানে কেনা সবজিগুলি বিদ্যালয়ের মিড-ডে মিল রান্নায় ব্যবহার করা হবে বলেও জানানো হয়েছে।

এই কর্মসূচিতে বিদ্যালয়ের অন্যান্য সহশিক্ষকরাও উপস্থিত ছিলেন।বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, আগামী দিনেও পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়েও এমন ব্যবহারিক শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হবে। শিক্ষা শুধু পরীক্ষার খাতায় নয়, দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই কাজে লাগুক—এই বার্তাই তুলে ধরল ইন্দুটি প্রাথমিক বিদ্যালয়ের এই প্রশংসনীয় উদ্যোগ।











