উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : রবিবার রাত থেকে টানা প্রবল বৃষ্টিতে জলমগ্ন দেড়শো বছরের প্রাচীন জয়নগর মজিলপুর পৌরসভার একাধিক ওয়ার্ড। সোমবার সকাল থেকেই বিভিন্ন এলাকায় হাঁটু সমান জল জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।জল পেরিয়েই স্কুল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, ট্রেনযাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রীদের যাতায়াত করতে হচ্ছে।জয়নগর মজিলপুর পৌরসভার ১, ২, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ড-সহ একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন জয়নগর স্টেশন মোড়, স্টেশন রোড, ধন্বন্তরী রোড, সার্কাস মাঠ-সহ সংলগ্ন এলাকার বাসিন্দারা।

জল জমে যাওয়ায় যান চলাচল ও পথচারীদের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হয়েছে। জলমগ্ন রাস্তা দিয়েই বাধ্য হয়ে স্কুলে যেতে হয়েছে ছাত্র ছাত্রীদের। একইভাবে ট্রেন ধরতে স্টেশনের দিকে যাওয়া যাত্রীদেরওজল পেরিয়ে যাতায়াত করতে দেখা যায়।এলাকাবাসীর অভিযোগ,সামান্য বৃষ্টিতেই জয়নগর মজিলপুরের বিভিন্ন এলাকায় জল জমে যায়। নিকাশি ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা রয়েছে। ফলে প্রবল বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
এ বিষয়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার বলেন, “বর্তমানে নতুন সরকার রাজ্যে ক্ষমতায় এসেছে। এখনও রাস্তার কাজের জন্য ফান্ড আসেনি। তবে দপ্তরের সঙ্গে কথা বলেছি। পুজোর আগেই সব ওয়ার্ডের রাস্তা সংস্কার করে দেওয়া হবে। পাশাপাশি জল নিকাশি খাল সংস্কারেরও ব্যবস্থা করা হবে।”পৌর চেয়ারম্যানের আশ্বাসে কিছুটা স্বস্তি মিললেও দ্রুত জল নিকাশি ও রাস্তা সংস্কারের কাজ শুরু করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।











