আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ঘোষের বিজনা আইসিডিএস সেন্টারে চরম বেহাল দশা, পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ তাপস মল্লিকের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
পূর্ব বর্ধমানের ঘোষের বিজনা এলাকার আইসিডিএস সেন্টারের বেহাল পরিস্থিতি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। বৃহস্পতিবার হঠাৎ পরিদর্শনে গিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন তিন নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি তাপস মল্লিক।
অভিযোগ, দীর্ঘদিন ধরেই সেন্টারটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে শিশুদের রাখতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা। সেন্টারের চারপাশে অপরিচ্ছন্নতা ছড়িয়ে রয়েছে, যা শিশুদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক বলে অভিযোগ স্থানীয়দের।
সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে শিশুদের খাবারের মান নিয়ে। স্থানীয় মায়েদের দাবি, শিশুদের জন্য যে খিচুড়ি দেওয়া হয়, তাতে পর্যাপ্ত সবজি তো দূরের কথা, খাবারের মানও অত্যন্ত নিম্নমানের। অনেক সময় ঠিকমতো খাবারই সরবরাহ করা হয় না বলেও অভিযোগ তাঁদের।
এছাড়াও সেন্টারের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকার বিরুদ্ধেও উঠেছে বড় অভিযোগ। স্থানীয়দের দাবি, অধিকাংশ সময়ই তিনি সেন্টারে অনুপস্থিত থাকেন। ফলে শিশুদের পঠন-পাঠন কার্যত বন্ধের মুখে পড়েছে। ছোট ছোট শিশুদের শিক্ষার প্রাথমিক ভিত গড়ে ওঠার কথা যেখানে, সেখানে চরম অব্যবস্থার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের ভবিষ্যৎ।
পরিদর্শনের পর তাপস মল্লিক বলেন, “একটি আইসিডিএস সেন্টারের এই অবস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিশুদের পুষ্টি ও শিক্ষার সঙ্গে এমন গাফিলতি চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। অবিলম্বে প্রশাসনকে হস্তক্ষেপ করে ব্যবস্থা নিতে হবে।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সেন্টারের পরিষেবা স্বাভাবিক করার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি