কলকাতা :-রাজ্যের মহিলাদের জন্য বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। আগামী ১ জুন ২০২৬ থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গের সমস্ত স্বল্প ও দীর্ঘ দূরত্বের সরকারি বাসে এই পরিষেবার সুবিধা মিলবে। মহিলাদের জন্য চালু করা হবে বিশেষ স্মার্ট কার্ড, যাতে থাকবে QR কোডের সুবিধা। এই কার্ডের জন্য আবেদন জমা দিতে হবে সংশ্লিষ্ট বিডিও অথবা এসডিও অফিসে।

স্মার্ট কার্ড পাওয়ার ক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, রেশন কার্ড-সহ একাধিক পরিচয়পত্র গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। তবে স্মার্ট কার্ড চালু না হওয়া পর্যন্ত সরকার স্বীকৃত যেকোনও ফটো আইডি দেখিয়েই মহিলারা সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। সেই ক্ষেত্রে বাসের কন্ডাক্টরদের ‘জিরো ভ্যালু টিকিট’ বা ‘থার্মাল পেপার টিকিট’ ইস্যু করার নির্দেশ দেওয়া হয়েছে পরিবহণ দফতরের তরফে।










