কৃষ্ণ সাহা, খণ্ডঘোষ :- মানবতার সেবায় ও সমাজের কল্যাণে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক সম্প্রীতি রক্তদান শিবির। খণ্ডঘোষের কুমিরকোলা প্রাইমারি স্কুল প্রাঙ্গণে রবিবার সকাল ১০টা থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তিন নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি তাপস মল্লিকের নেতৃত্বে এই কর্মসূচিতে অংশ নেন বহু সাধারণ মানুষ। “রক্ত দিন, জীবন বাঁচান” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই শিবিরে প্রায় ৫০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়। দুটি ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবির পরিচালিত হয়। পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দিতে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।

মণ্ডল সভাপতি তাপস মল্লিক বলেন, “যেমন এক ফোঁটা রক্ত একটি জীবন বাঁচাতে পারে, তেমনই একটি বৃক্ষরোপণ পরিবেশকে রক্ষা করতে পারে।” তিনি আরও জানান, বকরি ঈদ উপলক্ষে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের অংশগ্রহণে এই রক্তদান শিবির সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন হয়ে উঠেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেরুগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের ভাস্করানন্দপুরী মহারাজ, মহিলা সভানেত্রী পূর্ণিমা সামন্ত, বিজেপির বিভিন্ন কার্যকর্তা এবং কুমিরকোলা প্রাইমারি স্কুলের শিক্ষিকা সুমনা মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।











