রায়না: ১৯৪৬ সালের ১৬ অগস্টের ‘গ্রেট কলকাতা কিলিং’-এর স্মৃতি ঘিরে আজকের দিনটি রাজনৈতিকভাবেও বিশেষ তাৎপর্যপূর্ণ। একদিকে অতীতে এই দিনে ‘খেলা হবে দিবস’ পালন করা হত, অন্যদিকে এবার রাজ্যজুড়ে ‘আয়ুষ্মান দিবস’ কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এই কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় ১ কোটি ৪৩ লক্ষ পরিবারকে কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে প্রায় ৬ কোটি মানুষ উপকৃত হবেন বলে জানানো হয়।

পাশাপাশি প্রায় ৮০ লক্ষ পরিবারকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার আওতায় আনার কথাও জানানো হয়েছে। সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে দেশের বিভিন্ন প্রান্তে এই স্বাস্থ্য পরিষেবার সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে পূর্ব বর্ধমানের রায়না-১ ব্লকেও আয়ুষ্মান ভারত প্রকল্পের বিভিন্ন সুবিধা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়। রায়না-১ ব্লকের বিডিও অফিসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুভাষ পাত্র এবং বিডিও শুভাশিস রায়। তাঁদের উপস্থিতিতেই বেশ কয়েকজন উপভোক্তার হাতে আয়ুষ্মান ভারত সংক্রান্ত কার্ড ও নথি তুলে দেওয়া হয়।

বিধায়ক সুভাষ পাত্র জানান, আগামী দিনে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাভুক্ত পরিবারগুলির বাড়ি বাড়ি পৌঁছে পরিষেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। আশা কর্মী-সহ একাধিক কর্মী উপভোক্তাদের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় তথ্য ও পরিষেবা পৌঁছে দেবেন বলে জানা গেছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকেও সাধারণ মানুষকে সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্পের সুবিধা সম্পর্কে সচেতন করার উপর জোর দেওয়া হয়েছে। ফলে রায়না-১ ব্লকের আরও বহু পরিবার আগামী দিনে এই প্রকল্পের সুবিধা পাবেন বলে প্রশাসনের তরফে আশা করা হচ্ছে।
বলরাম সাহার রিপোর্ট কৃষকসেতু নিউজ বাংলা








