ঋদ্ধি ভট্টাচার্য্,কলকাতা: স্বাধীনতা দিবসের আবহে কলকাতায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল সৌন্দর্য, প্রতিভা, ফ্যাশন ও বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয়ে আয়োজিত পেজেন্ট শো ‘অপুলেন্স অরা অব বেঙ্গল ২০২৬’। রেডিয়্যান্ট রেভেলরি ও আরআইডব্লিউকে চলচ্চিত্র প্রযোজনার উদ্যোগে এবং আরআইডব্লিউকে জয়সওয়ালের পরিকল্পনায় আয়োজিত এই অনুষ্ঠান নবীন প্রতিভাদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, সৃজনশীলতা ও স্বাতন্ত্র্যকে সর্বসমক্ষে প্রতিভাত করার এক তাৎপর্যপূর্ণ মঞ্চ হয়ে ওঠে। অনুষ্ঠানে মিস্টার, মিস, মিসেস ও জুনিয়র—এই চারটি বিভাগে প্রতিযোগীরা

অংশগ্রহণ করেন। একাধিক পর্যায়ের পরিবেশন, মূল্যায়ন ও বিচারপর্ব অতিক্রম করে বিভিন্ন বিভাগে বিজয়ীদের নির্বাচিত করা হয়। মিস বিভাগে প্রথম স্থান অধিকার করেন কৃতিকা চোরাদিয়া, দ্বিতীয় স্নেহা পাল এবং তৃতীয় হৃদি চক্রবর্তী। মিস্টার বিভাগে প্রথম আচট জয়সওয়াল, দ্বিতীয় আয়ুশ বাসতীয়া এবং তৃতীয় রাহুল শর্মা। জুনিয়র বিভাগে প্রথম প্রণয়া সিং, দ্বিতীয় সানভি কর্মকার এবং তৃতীয় জোই শর্মা। মিসেস বিভাগে প্রথম ঋতু আগারওয়াল, দ্বিতীয় সুমন সিং এবং তৃতীয় স্নিগ্ধা কোয়াল নির্বাচিত হন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ডালি ব্র্যান্ডের জন্য বিশেষ র্যাম্প প্রদর্শন। এই বিশেষ পর্বে অন্বেষা সাহা, সোহিনী পাল ও আনুশকা বণিক-সহ একাধিক মডেল অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। স্বাধীনতা দিবসের মতো তাৎপর্যপূর্ণ দিনে নারীদের স্বতঃস্ফূর্ত আত্মপ্রকাশ এবং নিজেদের প্রতিভা ও ব্যক্তিত্বকে এমন একটি মর্যাদাপূর্ণ মঞ্চে উপস্থাপনের বিষয়টি অনুষ্ঠানে স্বতন্ত্র তাৎপর্য সংযোজন করেছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি আয়োজক, প্রতিযোগী ও বিজয়ীদের অভিনন্দন জানান এবং এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। আয়োজকদের পক্ষ থেকে প্রতিযোগী, বিচারকমণ্ডলী, সহযোগী এবং সকল শুভানুধ্যায়ীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। নবীন প্রতিভাদের সুপ্ত সম্ভাবনার উন্মোচন, আত্মবিশ্বাসের বিকাশ এবং স্বপ্নপূরণের অভীপ্সাকে বাস্তবায়নের এক অনন্য পরিসর হিসেবে ‘অপুলেন্স অরা অব বেঙ্গল ২০২৬’ ইতিমধ্যেই স্মরণীয় হয়ে উঠেছে।









