ডানকুনি: ফের গরু পাচারের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল ডানকুনিতে। বুধবার রাতে ডানকুনির ১২ নম্বর ওয়ার্ডের বন্দেরবিল এলাকায় কলকাতা-পাটনা রোড লাইনস নামে একটি পার্কিংয়ে তল্লাশি চালিয়ে ১১টি পূর্ণবয়স্ক গরু এবং ৭টি বাছুর উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় একটি লরির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ডানকুনি থানার পুলিশ।

বিজেপির অভিযোগ, ওই পার্কিংয়ে রাতের অন্ধকারে ভিন্ন রাজ্য থেকে লরিতে করে গরু আনা হয়। এরপর ছোট ছোট লরিতে ভাগ করে সেগুলি কলকাতা-সহ বিভিন্ন জেলায় পাঠানো হয়। বুধবার রাতে পার্কিংয়ে একাধিক লরি দেখে সন্দেহ হয় বিজেপি নেতা সুকান্ত মাঝির। তিনি বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে ডানকুনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই বেশ কয়েকজন লরি রেখে পালিয়ে যায় বলে জানা যায়। তবে একজন লরি চালককে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে একটি লরিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১১টি পূর্ণবয়স্ক গরু এবং ৭টি বাছুর।
উদ্ধার হওয়া গরু ও বাছুরগুলির দেখভালের দায়িত্ব নেন বিজেপি নেতারা। গোটা ঘটনায় গরু পাচারের অভিযোগ খতিয়ে দেখছে ডানকুনি থানার পুলিশ। আটক লরি চালককে জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে।










