রায়না, পূর্ব বর্ধমান, ১ আগস্ট: ভারতের জনগণনা ২০২৭-এর প্রথম পর্যায়ের সূচনা হলো আজ, ১ আগস্ট। পূর্ব বর্ধমান জেলার রায়না-১ ব্লকের শ্যামসুন্দর বিডিও অফিসে বিডিও শুভাশিস রায়-এর উপস্থিতিতে স্ব-জনগণনা (Self Enumeration) কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। পাশাপাশি রায়না এক ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতে এই জনগণনা শুরু হয়।

এই কর্মসূচিতে রায়না-১ ব্লকের বিভিন্ন এলাকার বাসিন্দা, বিশেষ করে যুবক-যুবতীরা অংশগ্রহণ করেন। উপস্থিত নাগরিকদের অনলাইনের মাধ্যমে কীভাবে নিজেরাই জনগণনায় অংশগ্রহণ করবেন, সেই বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে স্ব-জনগণনার সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে বুঝিয়ে দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত সাধারণ মানুষ নিজে নিজেই অনলাইনের মাধ্যমে জনগণনার তথ্য জমা দিতে পারবেন। আবেদন সম্পূর্ণ হলে একটি রেফারেন্স নম্বর তৈরি হবে। সেই নম্বরটি সংরক্ষণ করে রাখতে হবে। পরবর্তীতে জনগণনার সরকারি কর্মীরা বাড়িতে এলে সেই নম্বর তাঁদের হাতে তুলে দিতে হবে, যাতে তথ্য যাচাই ও পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা যায়।
বিডিও শুভাশিস রায়ের উপস্থিতিতে অংশগ্রহণকারীরা নিজেরাই অনলাইনের মাধ্যমে নিজেদের জনগণনার তথ্য নথিভুক্ত করেন। পাশাপাশি উপস্থিত যুবক-যুবতীরা আগামী দিনে গ্রামীণ এলাকার সাধারণ মানুষের মধ্যে স্ব-জনগণনা সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে প্রচার চালানোর অঙ্গীকার করেন।

প্রশাসনের এই উদ্যোগে স্ব-জনগণনা প্রক্রিয়া সম্পর্কে মানুষের আগ্রহ বাড়বে এবং জনগণনা ২০২৭-এর কাজ আরও সহজ ও দ্রুত সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।












