হাওড়া: বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর উত্তপ্ত হয়ে উঠল হাওড়া জেলার শ্যামপুর থানার নাকোল গ্রাম পঞ্চায়েত এলাকা। গ্রাম পঞ্চায়েতের প্রধান সদানন্দ দাসকে না পেয়ে তাঁর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই গ্রাম পঞ্চায়েতের প্রধান সদানন্দ দাস এলাকা ছেড়ে রয়েছেন।

তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।শুক্রবার সকালে এলাকার বহু বাসিন্দা, বিশেষ করে মহিলারা, বিক্ষোভে সামিল হয়ে প্রধানের বাড়ির সামনে জড়ো হন। পরে উত্তেজিত জনতা বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। বাড়ির বিভিন্ন আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী বাইরে বের করে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় শ্যামপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গোটা ঘটনার ওপর নজরদারি চালাচ্ছে।ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় যাতে নতুন করে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য পুলিশ মোতায়েন রয়েছে।










