রায়না: সারা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমানের রায়নাতেও রবিবার শুরু হলো জাতীয় পালস পোলিও টিকাকরণ কর্মসূচি। রায়না-১ ব্লকের মহিষবাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শিশুদের পোলিও ড্রপ খাইয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন রায়নার বিধায়ক সুভাষ পাত্র। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষবাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য অধিকর্তা ডা. মৌসুমী সোম। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কেন্দ্রের অন্যান্য চিকিৎসক, নার্স, আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা।

উদ্বোধনের পর বিধায়ক সুভাষ পাত্র জানান,আজ রবিবার রায়না-১ ব্লকের মোট ১৫৮টি কেন্দ্রে এদিন ১০,৯১২ জন শিশুকে পোলিও টিকা (ড্রপ) খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তিনি সকল অভিভাবকের কাছে আবেদন জানান, পাঁচ বছরের কম বয়সি প্রতিটি শিশুকে অবশ্যই নিকটবর্তী কেন্দ্রে নিয়ে গিয়ে পোলিও ড্রপ খাওয়াতে হবে, যাতে শিশুদের পোলিওমুক্ত ও সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করা যায়। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যকর্মীরা শিশুদের পোলিও টিকা প্রদান করছেন এবং কোনও শিশু যাতে এই কর্মসূচির বাইরে না থাকে, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।










