কৃষ্ণ সাহা , সেহারা:- ১২তম বিশ্ব যোগ দিবস উপলক্ষে সেহারা বাজার কমিউনিটি হলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব যোগ দিবস পালন করা হল। সেহারা বাজার আমরা সবাই ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরা হয় এবং সুস্থ জীবনযাপনের বার্তা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ৫ নম্বর মণ্ডলের সভাপতি কৌশিক আঁশ, সেহারা পুলিশ ফাঁড়ির আইসি রনেন্দ্রনাথ মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী জয়দেব বেতাল ও উৎপল রায়-সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যোগ শুধুমাত্র শরীরচর্চা নয়, এটি শারীরিক ও মানসিক সুস্থতার অন্যতম প্রধান মাধ্যম। বর্তমান ব্যস্ত জীবনে নিয়মিত যোগাভ্যাস মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদিন বক্তারা বিশ্বজুড়ে যোগের প্রসারে কেন্দ্র সরকারের উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারও বিভিন্ন স্তরে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও ক্রীড়া-সংস্কৃতির বিকাশে যে ভূমিকা পালন করছে, তারও ভূয়সী প্রশংসা করা হয়। যোগের মতো স্বাস্থ্যকর অভ্যাসকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়কে অত্যন্ত ইতিবাচক বলে উল্লেখ করা হয়।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় আমরা সবাই ক্লাবের সদস্যদের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অতিথিরা। ক্লাবের অন্যতম সদস্য তথা মণ্ডলের সাধারণ সম্পাদক অনুপম দাস জানান, সমাজে সুস্থতা ও সচেতনতার বার্তা পৌঁছে দিতেই এই আয়োজন করা হয়েছে। আগামী দিনেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। বিশ্ব যোগ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বিভিন্ন বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানটিকে আরও সাফল্যমণ্ডিত করে তোলে।









