কালনা:রাজ্য সরকারের উদ্যোগে ১৫ জুন থেকে শুরু হলো জনকল্যাণ শিবির। আগামী ১৭ জুন পর্যন্ত চলবে এই শিবির। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কালনা শহরে দুটি পৃথক কেন্দ্রে এই শিবিরের আয়োজন করা হয়েছে। কালনা সুইমিং পুল সংলগ্ন ইনডোর স্টেডিয়ামে ১২, ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে, কালনা পৌরসভার পুরোশ্রী ভবনে ১ থেকে ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন।

সোমবার এই জনকল্যাণ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালনার মহকুমা শাসক অহিংসা জৈন। শিবিরে উপস্থিত বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধিরা নাগরিকদের আবেদন গ্রহণ ও পরিষেবা প্রদানের কাজ শুরু করেন। এই শিবিরের মাধ্যমে অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত-সহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। প্রশাসনের দাবি, সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা দ্রুত ও সহজভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। পাশাপাশি ক্ষমতায় আসার সময় রাজ্য সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলিও বাস্তবায়নের প্রচেষ্টা চালানো হচ্ছে।
শিবির চলাকালীন নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা এলাকা জুড়ে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। জনকল্যাণ শিবিরে পরিষেবা নিতে প্রথম দিন থেকেই বহু মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রশাসনের আশা, আগামী তিন দিন ধরে চলা এই শিবিরের মাধ্যমে এলাকার হাজার হাজার মানুষ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাবেন।







