বাস, টোটো, ছোট গাড়ি ও পা-ট্রলি শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে কোতুলপুর নেতাজি মোড় ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হল সম্বর্ধনা সভা ও কর্মী বৈঠক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের বাঁকুড়া জেলা সম্পাদক অনন্ত মুখার্জী, কোতুলপুর ব্লক সম্পাদক সৌমেন নন্দী সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিরা।

বৈঠকে কোতুলপুর ব্লকের বাস, টোটো, ছোট গাড়ি এবং পা-ট্রলি ইউনিয়নের সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়। শ্রমিকদের কাজের পরিবেশ উন্নত করা, বিভিন্ন সমস্যার সমাধান এবং আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়।
সভায় এক বাসকর্মী জানান, আগে বিষ্ণুপুর থেকে কলকাতা রুটে চলাচলের সময় বিভিন্ন জায়গায় ১৫০, ২০০ এমনকি ৩০০ টাকা পর্যন্ত তোলা দিতে হতো। বর্তমানে সেই তোলা প্রথা থেকে মুক্তি পাওয়ায় পরিবহণ কর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় ছিল চালক ও কর্মচারীদের জন্য ই-শ্রম (e-Shram) কার্ড, পিএফ এবং অন্যান্য সরকারি ও শ্রমিক কল্যাণমূলক প্রকল্পের সুবিধা নিশ্চিত করা। এ বিষয়ে শ্রমিকদের সচেতন করার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
জেলা সম্পাদক অনন্ত মুখার্জী জানান, কোতুলপুর এলাকায় বাস ও টোটো থেকে যে বেআইনি তোলা আদায় করা হতো, তা সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে। ভবিষ্যতেও যাতে এই তোলা আদায় আর শুরু না হয়, সে বিষয়ে সংগঠন সতর্ক থাকবে। পাশাপাশি পরিবহণ ক্ষেত্রের সঙ্গে যুক্ত শ্রমিকদের জন্য পেনশন প্রকল্প চালুর সম্ভাবনা নিয়েও কাজ শুরু হয়েছে এবং খুব শীঘ্রই এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
বৈঠক শেষে বাস, টোটো, ছোট গাড়ি ও পা-ট্রলি শ্রমিকদের মুখে স্বস্তির হাসি লক্ষ্য করা যায়। সংগঠনের উদ্যোগে তাঁদের বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস পাওয়ায় শ্রমিক মহলে আশাবাদের সঞ্চার হয়েছে। বাঁকুড়ার কোতুলপুর থেকে সত্যজিৎ মালিক এর রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা










