উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর : ব্ল্যাকমেলের জেরে এক যুবকের মৃত্যু বারুইপুরে।আর এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বারুইপুরে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার গভীর রাতে বারুইপুর থানার সামনে বিক্ষোভ করেন ফুলতলার নেতাজি নগর এ-ব্লকের বাসিন্দারা। মৃতের নাম অরুণাভ হালদার। পরিবার সূত্রে খবর, ওই এলাকারই বাসিন্দা রূপা দাসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল অরুণাভর। রূপা বিবাহিত। তাঁর বিরুদ্ধেই উঠছে গুরুতর অভিযোগ।

মৃতের পরিবারের সদস্যদের দাবি, সম্পর্কে থাকাকালীন অরুণাভের কাছ থেকে নানাভাবে টাকা পয়সা,নানা সুযোগ-সুবিধা নিতে রূপা। সম্প্রতি ওই যুবক সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলেও তাঁর উপর মানসিক চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ। করা হয় ব্ল্যাকেমেইলও। পরিবারের দাবি, সেই চাপ সহ্য করতে না পেরেই ২২ শে মে আত্মহত্যার চেষ্টা করেন অরুণাভ। পরিবারের সদস্যরাই তাঁকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন।গত ২৪ শে মে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।আর তার পরেই বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। কিন্তু মূল অভিযুক্ত রূপা দাস ও তাঁর স্বামীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তাতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।









