ঐন্দ্রিলা ব্যানার্জি:- আউসগ্রাম বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক আবহে উৎসবের আমেজ আরও স্পষ্ট হয়ে উঠল গুসকরা নগরের শান্তিপুর এলাকার ৫, ৬ এবং ৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত বিশাল বিজয় মিছিলকে ঘিরে। দলীয় পতাকা, স্লোগান এবং কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। অংশ নেন বহু সাধারণ মানুষ, যুব কর্মী ও মহিলা সমর্থকরা। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে এলাকার মানুষও বিজয় মিছিলকে স্বাগত জানান। বিজয়ের আনন্দে কর্মী-সমর্থকদের মধ্যে দেখা যায় এক অন্যরকম আবেগ ও আত্মবিশ্বাস।

এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন আউসগ্রাম বিধানসভার বিজয়ী বিধায়িকা কলিতা মাজি। তিনি বক্তব্য রাখতে গিয়ে এলাকার মানুষকে ধন্যবাদ জানান এবং উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, “মানুষের ভালোবাসা ও সমর্থনই আমাদের জয়ের মূল শক্তি। সেই বিশ্বাসকে সম্মান জানিয়ে আগামী দিনে আরও উন্নয়নের কাজ করা হবে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউসগ্রাম বিধানসভার কনভেনার গণেশ সরকার। তিনি দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বোলপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক মজুমদার মহাশয়। তিনি যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করে বলেন, তরুণ প্রজন্মের উৎসাহ এবং মানুষের সমর্থনই এই সাফল্যের অন্যতম ভিত্তি। গুসকরা নগর সভাপতি দেবযানী গড়াইও উপস্থিত থেকে এলাকার সাধারণ মানুষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মানুষের আশীর্বাদ ও সমর্থন নিয়েই আগামী দিনে এলাকার উন্নয়নমূলক কাজ আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হবে। পুরো বিজয় মিছিল জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান এবং সাধারণ মানুষের অংশগ্রহণে শান্তিপুরের ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড যেন রূপ নেয় এক আনন্দ মঞ্চে।












