মীর ওজল : : খণ্ডঘোষ রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে গেরুয়া শিবিরে এখন উৎসবের আমেজ। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এবং নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পর থেকেই বিভিন্ন জেলায় শুরু হয়েছে বিজেপির বিজয় উৎসব ও বিভিন্ন প্রশাসনিক দপ্তরে শুভেচ্ছা বিনিময় কর্মসূচি । খণ্ডঘোষ ব্লক বিজেপির চার নম্বর মন্ডলের পক্ষ থেকে খণ্ডঘোষে অবস্থিত রেজিস্ট্রি অফিসের আধিকারিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক আনন্দ সাঁতরা, চার নাম্বার মন্ডলের সভাপতি সমীর মন্ডল, খণ্ডঘোষ বিধানসভার কনভেনার কৃষ্ণকান্ত হালদার সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা।

বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক আনন্দ সাঁতরা জানান আমাদের দল বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেছে। সেই উৎসবে আমরা বিভিন্ন প্রশাসনিক দপ্তরের আধিকারিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ করাচ্ছি। এর পাশাপাশি তিনি আরো বলেন এদিন খণ্ডঘোষ রেজিস্ট্রি অফিসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের পষ্ট ভাবে জানিয়ে দেয়া হয়েছে আমাদের সরকার চাইছে দুর্নীতিমুক্ত পশ্চিমবাংলা গড়ে তুলতে তাই আমরাও চাই দুর্নীতিমুক্ত খণ্ডঘোষ গড়ে উঠুক, রেজিস্ট্রি অফিসে কোনরকম দালাল চক্রকে প্রাধান্য দেওয়া যাবে না, পাশাপাশি অর্থের বিনিময়ে কোন প্রভাবশালী ব্যক্তি যাতে প্রভাব না খাটাতে পারে সেই বিষয়েও আমাদের যথেষ্ট নজর থাকবে বলেও তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি দপ্তরে কোন বেআইনি বা সিন্ডিকেট রাজ চললে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করবে আমাদের সরকার। বিজেপির খণ্ডঘোষ বিধানসভার কনভেনার কৃষ্ণকান্ত হালদার বলেন সাধারণ মানুষ যাতে সহজে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পায় বা সরকারি দপ্তরে এসে সাধারণ মানুষকে যাতে কোন ভোগান্তিতে না পড়তে হয় , সেই দেখেও দপ্তরের আধিকারিকদেরকে লক্ষ্য নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।











