মালদা, নিজস্ব সংবাদদাতা :সাত সকালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদার হবিবপুর থানার বুলবুলচণ্ডী রেলস্টেশন এলাকায়। বৃহস্পতিবার সকালে স্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত ঝোপের ভিতর থেকে মৃতদেহটি উদ্ধার হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও কয়েকজন বাসিন্দা সকালে হাঁটতে বেরিয়ে রেলস্টেশনের পাশের ঝোপে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। প্রথমে সন্দেহ হওয়ায় তাঁরা স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য লতিকা সিংহকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তিনি। তবে মৃত ব্যক্তিকে কেউ চিনতে না পারায় সঙ্গে সঙ্গে হবিবপুর থানায় খবর দেওয়া হয়।খবর পেয়ে হবিবপুর থানার আইসি কৌশিক বিশ্বাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য লতিকা সিংহ জানান, “রেলস্টেশন সংলগ্ন জায়গাটি অত্যন্ত নির্জন এবং জঙ্গলাকীর্ণ হয়ে রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, কেউ বা কারা ওই ব্যক্তিকে খুন করে সেখানে ফেলে রেখে গিয়েছে।” পাশাপাশি তিনি রেলস্টেশন এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানোর দাবিও জানান, যাতে ভবিষ্যতে নজরদারি আরও জোরদার করা যায়।এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।









