দীর্ঘ ১৫ বছরের রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ের আবহ ছড়িয়ে পড়েছে দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভা এলাকাজুড়ে। বিজেপি প্রার্থী সুমন্ত মন্ডল প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রীকে পরাজিত করতেই আনন্দে ফেটে পড়েন দলীয় কর্মী-সমর্থকরা। বিভিন্ন এলাকায় বের হয় বিজয় মিছিল, চলে আবির খেলা ও উল্লাস। এই আবেগঘন পরিবেশের মধ্যেই সাগরের মায়া গোয়ালিনী ঘাটে দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য। রাধাকৃষ্ণপুর এলাকার বাসিন্দা ও দীর্ঘদিনের বিজেপি সমর্থক সত্য বান পরিয়ারি নিজের বহুদিনের মানত পূরণ করতে প্রকাশ্যেই মাথার কেশ মুণ্ডন করেন। এরপর দুধ দিয়ে স্নান করে গঙ্গায় পুণ্যডুব দেন তিনি। ঘটনাকে ঘিরে কৌতূহলী মানুষের ভিড় জমে ঘাট এলাকায়।

সত্য বান পরিয়ারির অভিযোগ, বিগত তৃণমূল সরকারের আমলে রাজনৈতিক কারণে একাধিকবার অত্যাচার ও লাঞ্ছনার শিকার হতে হয়েছে তাঁকে। তাঁর দাবি, শুধু তিনি নন, বহু বিজেপি কর্মী-সমর্থক দীর্ঘদিন ধরে ভয় ও রাজনৈতিক প্রতিহিংসার পরিবেশে দিন কাটিয়েছেন। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “দুর্নীতিগ্রস্ত সরকারের পতন না হওয়া পর্যন্ত কেশ মুণ্ডন করব না বলে মানত করেছিলাম। আজ সেই মনস্কামনা পূরণ হয়েছে।” তাঁর মতে, পশ্চিমবঙ্গে বিজেপির এই জয় শুধুমাত্র রাজনৈতিক পরিবর্তন নয়, সাধারণ মানুষের ক্ষোভ, বঞ্চনা ও পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন।









