নিজস্ব সংবাদদাতা:-গানটার মধ্যে সত্যতা আছে কিনা আমরা জানিনা। কিন্তু বিষয়টা এমনভাবে ভাইরাল হয়েছে, তাতে শওকত মোল্লার মানহানি যে হয়েছে তাতে সন্দেহ নেই। ভাঙড়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি। তাঁকে নিয়ে কুরুচিপূর্ণ গান চালানোর অভিযোগে এবার আইনের দ্বারস্থ হতে চলেছেন শওকত মোল্লা। খুব শীঘ্রই তিনি এই নিয়ে মামলাও করবেন। সম্প্রতি সোশাল মিডিয়ায় শওকতকে নিয়ে একটি কুরুচিপূর্ণ গান ভাইরাল হয়। যে গানে শওকত মোল্লাকে ‘মাছ চোর’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। ভোট শুরু হওয়ার কয়েকদিন আগে থেকেই এই গান রাজ্য রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছে। তবে গান কে বানাল, কোথা থেকে উৎপত্তি হল এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। বিষয়টি সোশাল মিডিয়ায় বিপুলভাবে ছড়িয়ে পড়তেই ভাঙড়ের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি দলীয় কর্মীদের কাছে এই গান না চালানোর জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু কে শোনে কার কথা!

চটুল এই গান এখন চারদিকেই বাজছে। এনিয়ে এবার আদালতের দ্বারস্থ হওয়ার কথা বললেন শওকত। এই গান ভাইরাল করার পিছনে তৃণমূলের একাংশ এবং আইএসএফকেই দায়ী করে শওকত বলেন, “রাজনৈতিক লড়াই রাজনৈতিক ময়দানে হওয়া উচিত। ব্যক্তিগত কুৎসা রটিয়ে রাজনৈতিকভাবে জয়ী হওয়া যায় না। আমি তীব্র প্রতিবাদ জানাই। বিষয়টি নিয়ে খুব শীঘ্রই আইনের দ্বারস্থ হব”।








