আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পানিহাটিতে রাজনৈতিক সংঘর্ষ, সিপিএম কর্মী ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ—তীব্র বিতর্কে বিজেপি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পানিহাটি, উত্তর ২৪ পরগনা:- নির্বাচনের আবহে ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার পানিহাটি। সিপিএমের এক কর্মী ও তাঁর বাবার উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর, ছড়িয়েছে নিন্দার ঝড়।
অভিযোগ, সোমবার সন্ধ্যায় আগরপাড়া মহাজাদি মোড়ে বিজেপির সভা চলাকালীন এলাকায় টোটো করে মাইক প্রচার করছিলেন স্থানীয় সিপিএম নেত্রী শ্রীলেখা মুখোপাধ্যায় ও তাঁর বাবা সুরজিৎ মুখোপাধ্যায়। সেই সময় তাঁদের দেখে বিজেপি প্রার্থী অভয়ার মা রত্না দে কটূক্তি করেন বলে অভিযোগ।

 

পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ ওঠে, টোটোয় লাগানো সিপিএম প্রার্থীর ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয় এবং মাইকের তার কেটে দেওয়া হয়। বাধা দিতে গেলে শ্রীলেখা মুখোপাধ্যায় ও তাঁর বাবাকে মারধর করা হয়, এমনকি অশ্লীল গালিগালাজ ও খুনের হুমকিও দেওয়া হয় বলে দাবি।
ঘটনার পর শ্রীলেখা মুখোপাধ্যায় খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, “প্রচার করতে গিয়ে হামলার মুখে পড়েছি। আমাকে ও আমার বাবাকে মারধর করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে”।

 

ঘটনাকে কেন্দ্র করে সিপিএমের তরফে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। বাম প্রার্থী কলতান দাসগুপ্ত বলেন, “নারী নিরাপত্তার কথা বললেও বাস্তবে বিজেপির চরিত্র এই ঘটনায় স্পষ্ট”।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের নেতা কৌশিক চট্টোপাধ্যায় দাবি করেন, “পুলিশের অনুমতি নিয়েই সভা হচ্ছিল। আচমকা টোটো এনে দাঁড় করানো হয়। মাইকের শব্দ কমাতে বলায় বচসা হয়। হামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন”।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও নিন্দার ঝড় উঠেছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

See also  মদন মিত্র কে গ্রেপ্তারের প্রতিবাদে টায়ার জ্বালিয়ে অবরোধ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি