আউশগ্রাম:- আউশগ্রাম ২ নম্বর ব্লকের রামনগর গ্রাম পঞ্চায়েতের পুবার গ্রামে ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল এলাকায়। স্থানীয়দের দাবি, পুবার গ্রামের চারটি বুথ সহ রামনগর গ্রাম পঞ্চায়েতের মোট ২৬টি বুথে প্রায় ১৪০০ জন বৈধ ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা অঞ্চলে।

এই ঘটনার প্রতিবাদে পুবার সাত্তার পার্ক থেকে রামনগর নিমতলা পর্যন্ত এক বৃহৎ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে প্রায় ৬০০ থেকে ৬৫০ জন মানুষ অংশ নেন বলে জানা গেছে। বিশেষত্ব হল, এই মিছিলে রাজনৈতিক ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সকলের হাতে ছিল জাতীয় পতাকা, যা এই আন্দোলনের সর্বজনীন চরিত্রকেই তুলে ধরেছে।
এদিন বহু প্রতিবাদীর মুখে কালো কাপড় বাঁধা ছিল এবং হাতে ছিল কালো পতাকা, যা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভের প্রতীক হিসেবে তুলে ধরা হয়। মিছিল জুড়ে শোনা যায় ভোটার তালিকা সংশোধনের দাবিতে স্লোগান। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে আসছেন, অথচ হঠাৎ করে এত সংখ্যক নাম বাদ পড়া অত্যন্ত উদ্বেগজনক।
এলাকাবাসীরা দ্রুত এই সমস্যার সমাধান এবং সঠিকভাবে ভোটার তালিকা সংশোধনের দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবে।








