চলতি বছর রাজ্যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক ব্যস্ততা বাড়তে চলেছে। সম্ভাব্যভাবে এপ্রিল–মে মাস নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এই পরিস্থিতিতে যাতে জনস্বাস্থ্য সংক্রান্ত কোনও বিষয়ে গাফিলতি না হয়, সেদিকে বিশেষ নজর দিতে শুরু করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে এখন থেকেই সচেতনতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে।
এই প্রেক্ষিতে পূর্ব বর্ধমান জেলা পরিষদে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় জানান, আসন্ন সময়ে প্রশাসনিক ব্যস্ততা বাড়লেও ডেঙ্গু প্রতিরোধের ক্ষেত্রে কোনও রকম অবহেলা বরদাস্ত করা হবে না। সেই লক্ষ্যেই এখন থেকেই সমস্ত জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট আধিকারিকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন, জেলা পরিষদের বৈঠক থেকেই উপস্থিত পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা নেওয়ার বার্তা দেওয়া হয়েছে।
এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা, জল জমে থাকার সম্ভাব্য স্থানগুলির দিকে নজর দেওয়া এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।
এই বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) সৈকত গাঙ্গুলী সহ জেলা পরিষদ ও স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিক। পাশাপাশি পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী দিনে ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে সচেতনতা কর্মসূচি আরও জোরদার করা হবে। প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের যৌথ উদ্যোগেই এই রোগের বিরুদ্ধে লড়াই সম্ভব বলে মনে করছেন স্বাস্থ্য আধিকারিকরা।











