নিজস্ব সংবাদদাতা:- হুগলির কামারপুকুরের পুখুরিয়া এলাকায় অবস্থিত সেন্ট থমাস পাবলিক স্কুল-এর উদ্যোগে শনিবার, ২৫ জুলাই, অনুষ্ঠিত হল চতুর্থ বার্ষিক স্বেচ্ছায় রক্তদান শিবির। স্কুলের মাল্টিপারপাস হলে আয়োজিত এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন বহু রক্তদাতা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোঘাট-২ ব্লকের বিডিও কল্লোল সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন

হাটবসন্তপুর স্কুলের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ হাজরা, চাঁপাডাঙ্গা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তাপস কুমার ভট্টাচার্য এবং কামারপুকুর কলেজের প্রাক্তন অধ্যাপক সুবোধচন্দ্র ধবলো বিশিষ্ট বাচিক শিল্পী তথা শিক্ষিকা মেরিনা মন্ডল। অনুষ্ঠানে বক্তারা স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি ইউনিট রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে। সমাজের সকল স্তরের মানুষকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
শিবিরে সংগৃহীত সমস্ত রক্ত হাওড়া একটি সংস্থার হাতে তুলে দেওয়া হয়, যাতে প্রয়োজনে রোগীদের চিকিৎসায় তা ব্যবহার করা যায়। সমগ্র অনুষ্ঠানটি খুব সুন্দর ভাবে উপস্থাপনা করা হয় বিদ্যালয়ের তরফ থেকে।বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও এই ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।












