টলিপাড়ায় বেশ কিছুদিন ধরেই অভিনেত্রী মধুমিতা সরকারের বিয়ে নিয়ে জল্পনা চলছে। শোনা যাচ্ছে, ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। যদিও এখনও পর্যন্ত বিয়ের নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আনেননি মধুমিতা বা দেবমাল্য। তবে তার আগেই একসঙ্গে ধরা দিয়ে আদুরে মুহূর্ত ভাগ করে নিলেন হবু দম্পতি।
রঙের মিল রাখা পোশাকে তাঁদের যুগল উপস্থিতি নজর কাড়ছে। দু’জনেই লাল রঙের এথনিক পোশাকে সেজেছেন। লাল ঘাগরা-চোলিতে, খোলা চুল, মানানসই গয়না ও মেকআপে মধুমিতাকে বেশ মানিয়েছে। অন্যদিকে, লাল রঙের ভারী কাজের শেরওয়ানি পরেছেন দেবমাল্য। হবু স্বামীর বাহুলগ্না হয়ে আরও কাছাকাছি ধরা দিয়েছেন অভিনেত্রী। সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে মধুমিতা লিখেছেন, ‘সফট লঞ্চ’। এই ক্যাপশন দেখেই নেটিজেনদের একাংশের ধারণা, এগুলো সাধারণ ছবি নয়, বরং মধুমিতা-দেবমাল্যের প্রি-ওয়েডিং ফটোশুটের ঝলক। যদিও এ বিষয়ে এখনও কোনও স্পষ্ট ইঙ্গিত দেননি তাঁরা।
এই পোস্টে ইন্ডাস্ট্রির বহু শিল্পীর শুভেচ্ছা বার্তা জমা পড়েছে। যদিও বিয়ের দিনক্ষণ এখনও নিশ্চিত করা হয়নি, শোনা যাচ্ছে পছন্দের ভেন্যু মিললে ২৩ জানুয়ারি বিয়ের সানাই বাজতে পারে। বিয়ের দিনে চিরাচরিত লাল শাড়িতেই সাজতে চান মধুমিতা লাল বেনারসিতেই নাকি তাঁর পছন্দ। তবে রিসেপশনের সাজ কিংবা শাড়ি এখনও ঠিক হয়নি। সময় পেলেই কেনাকাটা সারছেন তিনি।
এদিকে শুটিংয়ের ফাঁকে প্রিয়জনদের কাছে আইবুড়োভাত খেতেও যাওয়ার পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর। পছন্দের ভেটকি পাতুরি, বিরিয়ানি ও পোলাও দিয়েই আইবুড়োভাত খাওয়ার ইচ্ছা তাঁর। বাঙালি খাবারের প্রতি বিশেষ টান থাকায় বিয়ের মেনুতেও থাকছে নানা সুস্বাদু বাঙালি পদ—এমনটাই শোনা যাচ্ছে।











