উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর :- ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এণ্ড হেল্পার্স ইউনিয়নের উদ্যোগে একাধিক দাবিকে সামনে রেখে বুধবার জয়নগর এক, জয়নগর দুই ও কুলতলি ব্লকে বিক্ষোভ,প্রতিবাদ ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়।এদিন সকাল থেকে জয়নগর এক নং ব্লকের বহড়ুতে,জয়নগর দু নং ব্লকের নিমপীঠে ও কুলতলি ব্লকের জামতলায় বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন কয়েক হাজার অঙ্গনওয়াড়ী কর্মী।

জানা যায়,সম্প্রতি সরকারি তরফে পোষণ এ্যাপস নামে একটি এ্যাপস আনা হয়েছে।যার মাধ্যমে এখন থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ করতে হবে।আর এরই বিরোধিতা করে এদিন এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।এদিন জয়নগর এক ব্লকে এই প্রতিবাদে নেতৃত্ব দেন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেলপার ইউনিয়নের জেলা সম্পাদিকা তপতী ভট্টাচার্য, জয়নগর ২ নম্বর ব্লকের নেতৃত্ব দেন এই সংগঠনের রাজ্য সম্পাদিকা মাধবী পণ্ডিত। তারা এদিন জানান,প্রতি সেন্টারের নামে সিমকার্ড, অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট, বাজার দর অনুযায়ী রিচার্জের টাকা প্রদান করতে হবে।
দীর্ঘ প্রতীক্ষার পর কেবল মোবাইলের জন্য ১০ হাজার করেটাকা সংশ্লিষ্ট কর্মীর এ্যাকাউন্টে দেওয়া হয়েছে। সিম কার্ড আজও দেওয়া হয়নি।সম্প্রতি মোবাইল এন ডি এম করার জন্য অফিসে মোবাইল জমা করতে বলা হয়েছে।আমরা এদিন বিডিও ও সিডিপিওর কাছে এই দাবি গুলো নিয়ে ডেপুটেশন জমা ও দিয়েছি।আমাদের দাবি গুলো হল- মোবাইল রিসেট করার পূর্বে সরকারীভাবে সেন্টারের নামে সিমকার্ড ও বাজারদর অনুযায়ী রিচার্জের টাকা দিতে হবে। অন্যথায় এই প্রক্রিয়া বন্ধ রাখতে হবে।পূর্বতন সরকার ঘোষিত বর্ণিত সাম্মানিক ১০০০ টাকা কর্মরত অবস্থায় মৃত কর্মী সহায়িকাদের পরিবারকেও দিতে হবে।বকেয়া সবজি বিল দিতে হবে।নাহলে আমাদের এই আন্দোলন চলবে।











