খণ্ডঘোষ: রাজ্যের নতুন রাজনৈতিক অধ্যায়ের আবহে এবার আবেগঘন বার্তা দিলেন বিজেপি নেতা রথীন রায়। পূর্ব বর্ধমান জেলার, খণ্ডঘোষ থানার আড়িন গ্রামের বাসিন্দা রথীন রায়, যিনি রাজনীতির পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত, তিনি সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র প্রতি নিজের শ্রদ্ধা ও আবেগ প্রকাশ করেছেন।
নিজের পোস্টে রথীন রায় উল্লেখ করেন, ২০২০ সালের ২১ সেপ্টেম্বর ‘হলদিয়া উন্নয়ন পর্ষদ’ থেকে তাঁর রাজনৈতিক পথচলার এক নতুন অধ্যায় শুরু হয়েছিল। সেই সময় থেকেই শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সান্নিধ্যে থাকার সুযোগ পেয়েছিলেন বলে তিনি দাবি করেন।

পোস্টে তিনি লেখেন, “দাদার আপ্যায়নে ৩৭টি রাত্রি সহ ছয় বছরে ৬৪ দিন কোলাঘাটের অফিস থেকে কাঁথির বাংলো, মান্দারমনি অতিথি নিবাস থেকে হেস্টিংস পার্টি কার্যালয়ে আলোচনার পরম সৌভাগ্য হয়েছে”। পাশাপাশি তিনি আরও লেখেন, “জানতাম শুভেন্দু দা-ই পারবেন প্রকৃত উন্নয়নের রেকাবি সাজিয়ে বাংলার জনগণকে মুক্তির আলোয় আলোকিত করতে”।
শুভেন্দু অধিকারীকে শুধুমাত্র রাজনৈতিক নেতা নয়, সাধারণ মানুষের আশার প্রতীক হিসেবেও তুলে ধরেছেন রথীন রায়। তাঁর বক্তব্যে উঠে এসেছে গভীর আবেগ ও রাজনৈতিক আস্থার প্রতিফলন। পোস্টের শেষাংশে তিনি শুভেন্দু অধিকারীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে প্রণাম জানিয়েছেন।
রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে যে উৎসাহ ও আবেগের পরিবেশ তৈরি হয়েছে, রথীন রায়ের এই পোস্ট সেই আবহকেই আরও স্পষ্ট করে তুলেছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।








