উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া এক ব্যক্তিকে পুনরায় পুলিশ হেফাজতে নিলো জয়নগর থানার পুলিশ ।জয়নগর থানার বামুনগাছি গ্রাম পঞ্চায়েতের বিশ্বাসের চক এলাকায় আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ দায়ের করেন স্থানীয় মানুষজন।

আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে জয়নগর থানার পুলিশ বিশ্বাসের চকের বাড়ি থেকে শংকর মন্ডল নামে এক ব্যক্তিকে গত শুক্রবার রাতে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে।ধৃতকে শনিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে মহামান্য বিচারক চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন।
ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছিল পুলিশ।মঙ্গলবার তদন্তের কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে আবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় ধৃত শংকর মন্ডলকে।এবার সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছে জয়নগর থানার তদন্তকারী পুলিশ আধিকারিক।







