নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- অন্নপূর্ণা যোজনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে এবার সোশ্যাল মিডিয়ায় সচেতনতামূলক পোস্ট করলেন মেমারি বিধানসভার বিধায়ক মানব গুহ। সম্প্রতি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সোশ্যাল মিডিয়ায় যোজনাকে ঘিরে নানা ধরনের ভুয়ো তথ্য ও ভুল ব্যাখ্যা ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়। সেই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন বিধায়ক।

নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে মানব গুহ স্পষ্টভাবে জানান, “পাড়ার চায়ের দোকানের আলোচনা বা হোয়াটসঅ্যাপের ভুলভাল মেসেজে কান দিয়ে কেউ যেন প্যানিক না করেন। কোনো যোগ্য মানুষ যাতে এই সুবিধা থেকে বঞ্চিত না হন, সেজন্য সঠিক তথ্য জানা খুব জরুরি।” তিনি পোস্টে উল্লেখ করেন, শুধুমাত্র ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারাই এই যোজনার আওতায় সুবিধা পাবেন। পাশাপাশি স্বামী বা পরিবারের অন্য কারোর সরকারি বা বেসরকারি চাকরি, কিংবা আয় থাকলেও মহিলার নিজের সরকারি ফিক্সড চাকরি বা করযোগ্য আয় না থাকলে তিনি এই সুবিধা পাওয়ার যোগ্য হবেন বলেও জানানো হয়।
এছাড়াও সরকারি চাকরি, পেনশন, ইনকাম ট্যাক্স, ফ্যামিলি পেনশন, নাগরিকত্ব সংক্রান্ত নিয়ম এবং নতুন আবেদন প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত ব্যাখ্যা দেন বিধায়ক। ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক ও ডিবিটি (DBT) অ্যাক্টিভেশন বাধ্যতামূলক বলেও সচেতন করেন তিনি। মানব গুহ আরও আবেদন করেন, “ভুল তথ্য ছড়াবেন না, বরং সাধারণ মানুষের উপকারে সঠিক তথ্য সবার সঙ্গে শেয়ার করুন।” তাঁর এই পোস্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এই উদ্যোগকে সাধারণ মানুষের পাশে থাকার প্রচেষ্টা বলে প্রশংসা করেছেন। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্তির আবহে বিধায়কের এই সচেতনতামূলক বার্তা সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট ইতিবাচক প্রভাব ফেলেছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।










